বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৩

ভারতে মার্কিন কূটনীতিকদের সুযোগ-সুবিধা বাতিল! প্রথম আলো ডেস্ক | আপডেট: ০৩:১৩, ডিসেম্বর ১৮, ২০১৩ | প্রিন্ট সংস্করণ ১৬ নিউইয়র্কে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাডকে গ্রেপ্তার ও হেনস্তার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নয়াদিল্লি। দিল্লিতে অবস্থানরত মার্কিন কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য বিমানবন্দরের বিশেষ পাস গতকাল মঙ্গলবার প্রত্যাহার করেছে ভারত। মার্কিন দূতাবাসের জন্য আমদানি ছাড়পত্র স্থগিত করা হয়েছে। একই সঙ্গে নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের বাইরে ব্যারিকেড তুলে নেওয়া হয়েছে। প্রত্যাহার করা হয়েছে পুলিশ। কূটনৈতিক সূত্র জানায়, ভারতে নিযুক্ত মার্কিন কনস্যুলেট ও তাঁদের পরিবারের সদস্যদের তাৎক্ষণিকভাবে পরিচয়পত্র জমা দিতে বলেছে নয়াদিল্লি পুলিশ। সব কটি মার্কিন কনস্যুলেট ও উপ-কনস্যুলেট কর্মকর্তাদের নিয়োগ দেওয়া ভারতীয় নাগরিকদের সম্মানীসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য চেয়েছে সরকার। নিউইয়র্কে দেবযানীর মর্যাদা যতটা হানি করা হয়েছে, সে অনুযায়ী এসব পরিচয়পত্রের মান হ্রাস করা হবে। ভারতে অবস্থিত মার্কিন বিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষকদের ভিসা ও অন্যান্য তথ্য সরবরাহ করতে বলেছে সরকার। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ভারতীয়দের বেতন-সংক্রান্ত তথ্য দিতে এবং তাঁদের ব্যাংক হিসাব জানাতেও বলা হয়েছে। এ ছাড়া, মার্কিন দূতাবাসের জন্য মদসহ সব ধরনের জিনিসপত্র আমদানি ছাড়পত্র বন্ধ করে দিয়েছে সরকার। নয়া মর্গ এলাকায় মার্কিন দূতাবাসের কাছে ট্রাফিক পুলিশ প্রত্যাহার করা হয়েছে। গৃহকর্মীর ভিসায় মিথ্যা তথ্য সরবরাহের অভিযোগে গত সপ্তাহে নিউইয়র্কে ভারতীয় কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাডকে সন্তান নিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁকে হাতকড়া পরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ইতিমধ্যে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েলের কাছে ব্যাখ্যা চেয়েছে নয়াদিল্লি। দেবযানীর সঙ্গে ‘অগ্রহণযোগ্য আচরণের’ প্রতিবাদে গতকাল ভারতে সফররত মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদলের সঙ্গে সরকারি ও রাজনৈতিক নেতারা বৈঠক বাতিল করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে গতকাল প্রতিনিধিদলটির সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেন। পিটিআই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন