প্রকাশ : ১৯ ডিসেম্বর, ২০১৩ ০০:০০:০০ অঅ-অ+
printer
হেনস্তার বর্ণনা দিলেন দেবযানী
এএফপি
সহকর্মীদের কাছে এক ই-মেইল বার্তায় নিজের দুরবস্থার কথা জানিয়েছেন নিউইয়র্কে গ্রেফতার ও হেনস্তার শিকার ভারতীয় নারী কূটনীতিক। নিজের কূটনৈতিক দায়মুক্তির কথা স্মরণ করিয়ে দেওয়ার পরও কান্নায় ভেঙে পড়া এ কূটনীতিককে বিবস্ত্র করে বারবার পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালায় নিউইয়র্ক পুলিশ।
সহকর্মীদের কাছে পাঠানো দেবযানী খোবরাগাড়ে নামের ওই কূটনীতিকের ই-মেইল বার্তাটি গতকাল বুধবার ভারতের দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত হয়েছে। দেবযানী নিউইয়র্কে ভারতের কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল হিসেবে কর্মরত আছেন। দেবযানী জানান, গ্রেফতারের পর তাকে প্রকাশ্যে বারবার হাতকড়া পরানো এবং বিবস্ত্র করে তল্লাশি চালানো হয়েছে। ই-মেইলে তিনি বলেন, পুলিশকে তিনি তার কূটনৈতিক দায়মুক্তির কথা বললেও তারা তাকে বারবার তল্লাশি চালিয়েছে এবং সাধারণ অপরাধীদের সঙ্গে এক হাজতে রাখা হয়েছে। তিনি বলেন, বারবার হাতকড়া লাগানো, বিবস্ত্র করা, পুরো শরীর তল্লাশি চালানো এবং মাদকাসক্ত ও অন্যান্য অপরাধীর সঙ্গে এক হাজতে রাখার ঘটনায় আমি বারবার কান্নায় ভেঙে পড়েছি। কিন্তু আমি ধৈর্য ধারণ করেছি এই ভেবে যে, আমাকে অবশ্যই আমার সহকর্মী ও দেশকে আত্মবিশ্বাস এবং মর্যাদার সঙ্গে উপস্থাপন করতে হবে। নিজের বাসার ভারতীয় গৃহকর্মীকে ভিসায় উল্লেখিত পারিশ্রমিকের চেয়ে কম দেওয়ার অভিযোগে দেবযানীকে গ্রেফতার করে নিউইয়র্ক পুলিশ। কূটনীতিক হওয়া সত্ত্বেও প্রকাশ্যে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে সাধারণ অপরাধীর মতোই ব্যবহার করা হয় তার সঙ্গে। এ ঘটনায় পাল্টা হিসেবে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন